স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : মেয়র

পিংক অক্টোবর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ রোগের বিষয়ে নারীদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে স্তন ক্যান্সার সচেতনতামূলক একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নারীদের মধ্যে রোগটি দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে শুরু হয়েছে ‘পিংক অক্টোবর ২০২৬’–এর বিভিন্ন কর্মসূচি। চসিক, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে মাসব্যাপী এসব কর্মসূচি পরিচালিত হবে। শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র বলেন, একটি ‘ক্লিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট’ চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয়ের অংশ হিসেবে গত বছর অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস মাস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবারও ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম–২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

তিনি বলেন, গত বছর সিএসসিআর যেভাবে ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে এসেছিল, এ বছরও তারা একইভাবে এগিয়ে এসেছে। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি চট্টগ্রামের অন্যান্য হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকেও ব্রেস্ট ক্যানসার সচেতনতা, রোগ নির্ণয় ও চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মেয়র পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে একটি গোলাপি আলো জ্বালানোর অনুরোধ জানান। শোভাযাত্রায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আনিসুল হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান, সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, অধ্যাপক ডা. গোফরানুল হক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, অধ্যাপক ডা. এম.এ. কাসেম, ডা. একরামুল হক, চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল মোতালিব, অধ্যাপক ডা. ইমরোজ উদ্দিন, ডা. তারেক সামস, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার মো. কামরুজ্জামান, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. সালাউদ্দিন মাহমুদসহ বিপুলসংখ্যক চিকিৎসক, সাংবাদিক, নার্স এবং চসিক ও সিএসসিআর পরিবারের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রার শেষ প্রান্তে বিআরটিএর একটি দ্বিতল গোলাপি বাস অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে। এই বাসের মাধ্যমে অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকার নারীদের স্তন ক্যানসার বিষয়ে সচেতন করা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সহায়তা করা হবে।

আয়োজকরা জানান, পুরো অক্টোবরজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, স্ক্রিনিং, চিকিৎসা ও রোগ নির্ণয়সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম নগরীতে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধবাংলার মাটিতে স্বৈরাচার আ.লীগের আর কোনো ঠাঁই হবে না
পরবর্তী নিবন্ধ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ