কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সাজানো হয়েছে বিশাল মঞ্চ। তার আশেপাশে বসেছে নানা ধরনের স্টল। সৈকতের বিস্তীর্ণ স্থানজুড়ে উৎসবের আমেজ। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজন করা তিন দিনের পর্যটন উৎসব ঘিরে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত এভাবে সেজে ওঠেছে।
গতকাল শুক্রবার বিকালে বর্ণাঢ্য আয়োজনে এই পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার–৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল মেলার উদ্বোধন করেন। এসময় সংরক্ষিত নারী আসনের সাংসদ এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. আজমল হোসেন উপস্থিত ছিলেন।
পর্যটন মেলার প্রথম দিনেই হাজার হাজার পর্যটক ও স্থানীয় দর্শনার্থীতের পদচারণা নামে সৈকতজুড়ে। এসময় গান ও মেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে পর্যটকসহ স্থানীয়রা।
উদ্বোধনকালে সাংসদ লুৎফুর রহমান কাজল বলেন, সরকার কক্সবাজারের পর্যটন শিল্পকে আরো বড় আকারে বিকশিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সাংসদ এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের পর্যটন শিল্প বিশ্ব দরবারে পৌঁছে যাবে। সরকারি উদ্যোগে এই শিল্পকে বহুগুণ জাগিয়ে তোলা হবে। পর্যটন শিল্প জাগলে অর্থনীতির বড় প্রসার হবে।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ২০২৩ সালে সর্বশেষ এভাবে জমজমাট করে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছিল। গত দুবছর তেমন কোনো আয়োজন ছিল না। কিন্তু এবার পুরোনো আমেজেই বর্ণাঢ্য কলেবরে পর্যটন দিবস উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন সম্পন্ন করা হবে। এই মেলা পুরো মৌসুমের জন্য পর্যটকদের কক্সবাজারে টেনে আনবে।
ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. আজমল হোসেন বলেন, পর্যটন দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের রয়েছে বিশেষ পরিকল্পনা ও সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় থাকছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, পর্যটন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত, ফায়ার শো, ব্যান্ড শো, র্যালি, ঘুড়ি উৎসব, লাইফগার্ডের জরুরি সেবা ও ফার্স্ট এইড প্রদর্শনীসহ নানা আয়োজন।
এদিকে পর্যটন দিবসের মাধ্যমে শুরু হয় পর্যটন মৌসুম। পর্যটকদের বরণ করতে ইতোমধ্যে হোটেল মোটেলে চলছে জোর প্রস্তুতি। দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।













