এই শহরের রাস্তায় আনমনে নুড়ি কুড়োনোর মতো
তোমাকে কুড়িয়ে এনেছি ঘরে
আমাদের ঘর বলে কিছু নেই–
একটা উঠোন কেবল,
আর পা ছড়িয়ে রাখা ছায়া।
সে ছায়ায় ছায়ায় আমি বেয়ে উঠেছি তোমার আয়ুতে
সে ছায়ায় ছায়ায় তুমি বেয়ে উঠেছ আমার আয়ুতে
শহর নির্জন হলে আমরা জানি
না ফেরা পথে দীঘল চুল খুলে দাঁড়িয়ে আছে মৃত্যু
এমন অদ্ভুতভাবে আমরা ভালোবাসছি পরস্পরকে
যার সুর রক্ত ছেড়ে হাড় অব্দি বাজিয়ে যাচ্ছে একটানা










