জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা প্রশিক্ষক সুদেব কুমার দাশকে নিবেদিত বিশেষ অনুষ্ঠান ‘গুরুবন্দনা’ গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ আয়োজন করে গুরুজীর শিক্ষার্থীবৃন্দ ও তালতীর্থ পরিবার।
সুদেব কুমার দাশের পরিচালনায় ৪০ জন তবলাশিল্পীর ত্রিতালের লহড়া পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমবেত লহড়ায় সেলামী, কায়দা, রেলা, টুকরা ও চক্রদারের তবলার বোলে মুখরিত হয় মিলনায়তন। অনুষ্ঠানে ওড়িশি ও টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা সমবেত ‘সরস্বতী বন্দনা’ পরিবেশন করেন। নৃত্য পরিচালনা করেন নৃত্যশিল্পী প্রমা অবন্তী। এরপর পরিবেশন করেন গিটারশিল্পী দোলন কানুনগো। তবলায় সঙ্গত করেন তিষণ ঘোষ।
অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করেন সংগীতগুরু রাজেশ সাহা, ছায়ানটের উচ্চাঙ্গসংগীত শিক্ষক স্বরাজ সাহা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথ্বীরাজ সাহা। তবলায় সহযোগিতা করেন তিষণ ঘোষ, হারমোনিয়ামে প্রত্যয় বড়ুয়া। ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের সমবেত সংগীত এবং সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির পরিচালক হিল্লোল দাশ সুমনের নির্দেশনায় শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশিত হয়। শেষ পর্বে গুরুজীর শিক্ষার্থীদের দলীয় অর্কেস্ট্রা পরিবেশনা ছিল। এর আগে শিক্ষার্থীরা গুরু সুদেব কুমার দাশকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে সম্মাননা জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম। অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও শ্রাবনী দাশগুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।













