সীতাকুণ্ড ও মহেশখালীতে শিব চতুর্দশী মেলা শুরু

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ও মহেশখালীর আদিনাথ মন্দিরে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে গতকাল থেকে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা।

আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান : প্রতিবছর ফাল্গুনের এ তিথিতে হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীরা দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে। মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রী ও সহসভাপতি অমলেন্দু কনক ও রুপন দে বলেন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন জানান, শিব চতুর্দশী মেলায় সার্বিক আইনশৃংখলা রক্ষায় চন্দ্রনাথ ধামের উপর থেকে নিচে পর্যন্ত ১৪১ জন পুলিশ ফোর্স সার্বক্ষণিক নিয়োজিত আছে। যাতে করে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে তীর্থ দর্শন করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, মেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পুলিশের পাশাপাশি ১ হাজার স্বেচ্ছাসেবকও সহায়তা করছেন।

আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান : মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক আদিনাথ মন্দিরে ঢল নেমেছে হাজারো পুণ্যার্থীর। শিবচতুর্দশী তিথি উপলক্ষে আয়োজিত এই পূজা ও মেলায় দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো মন্দির প্রাঙ্গণ। গতকাল ১৫ ফেব্রুয়ারি রবিবার ভোর থেকেই পুণ্যার্থীরা ডাব, দুধ, কবুতর , বেলপাতা ও ফুল নিয়ে মন্দিরের পাহাড়ে আরোহণ শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় মন্দির ছাড়িয়ে পাহাড়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, মেলা ও পূজা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৯ মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ