চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে পড়ে নিখোঁজ এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।
গতকাল শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে মোঃ মেহেরাজ হোসেন (১৯) ও তার বন্ধুু মোঃ সাব্বির তারা দুজন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সমুদ্র সৈকতে বেড়াতে আসেন।
এ সময় মেহেরাজ হঠাৎ করে সৈকতে পড়ে গেলে তার বন্ধু তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও সমুদ্রে ঝাপ দেন। এদিকে সাগরের উত্তাল ঢেউ ও জোয়ারের পানিতে তারা দুজন ভেসে যায়। এসময় সৈকতের তীরে থাকা স্থানীয়রা একটি বোটের সাহায্যে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।
এর মধ্যে সাব্বিরকে উদ্ধার করা গেলেও মেহেরাজ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে একঘন্টা পর উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মেহেরাজকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেরাজ হোসেন চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ী গাজী ডিপোবাই লেইন এলাকার মোঃ মোশারফ আলীর ছেলে। তিনি চট্টগ্রাম এমইএস কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে সীতাকুণ্ড মডেল থানাধীন বাঁশবাড়িয়া সী বীচে পানিতে পড়ে সাতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায় মর্মে প্রত্যক্ষদর্শীরা আমাদের জানান। আমরা তার লাশ উদ্ধার করে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করছি। তবে নিহতের প্রকৃত গ্রামের বাড়ি রাজশাহী জেলার আমতলা এলাকায়।










