নগরীর দামপাড়া পুলিশ কমিশনার (সিএমপি) কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল হয়েছে। গতকাল জুমার নামাজের সময় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবক মিছিলটি নিয়ে পুলিশ লাইনের সামনে দিয়ে চলে যান। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন তথ্য যাচাই করে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিছিলটি কোথা থেকে শুরু হয়েছিল এবং কারা এর আয়োজনের সঙ্গে জড়িত ছিল, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় হঠাৎ করে একদল তরুণ–যুবক মিছিল নিয়ে দামপাড়া পুলিশ লাইনের সামনে উপস্থিত হন। মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল, দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি– বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর। মিছিলকারীরা দ্রুত ওই এলাকা অতিক্রম করে চলে যান।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ৫ সেকেন্ডের জন্য তারা মিছিল করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। তবে কাজ চলছে।












