দেশে প্রথমবারের মতো কেইস–ভিত্তিক শিক্ষাদান ও গবেষণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সিআইইউতে যাত্রা শুরু করেছে ‘সিআইইউ কেইস রাইটিং সেন্টার’ (সিসিডব্লিওসি)। গতকাল বৃহস্পতিবার জামালখানের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেন্টারের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক আমের আলি হোসাইন। সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড.সৈয়দ মনজুর কাদের। বক্তব্য রাখেন সিআইইউ কেইস রাইটিং সেন্টার (সিসিডব্লিওসি)’র ভারপ্রাপ্ত পরিচালক ইফফাত ইশরাত খান এবং এইচএসবিসির হেড অফ চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন নর্থ আমেরিকান কেইস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব সান ফ্রানসিস্কোর অ্যাসোসিয়েট ডিন ড.মাইকেল গোল্ডম্যান। অতিথি ছিলেন বৃহত্তম বিজনেস কেইস বিতরণকারী প্রতিষ্ঠান দ্য কেইস সেন্টার, ইউকে’র প্রধান নির্বাহী কর্মকর্তা ভিকি লেস্টার। সমাপনী বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সিটিতে অবস্থিত বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘দ্য কেইস সেন্টার’র সহযোগিতায় সিআইইউ কেইস রাইটিং সেন্টার (সিসিডব্লিওসি) যাত্রা শুরু করেছে। এই সেন্টারের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন শিক্ষণীয় কেইস তৈরি করা হবে, যেখানে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রতিফলিত হবে।সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে, যা ভবিষ্যতের দক্ষ পেশাজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।














