বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ অন্যদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবারও তথ্য ও নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে গত ১১ জুন বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে ৩০ জুন সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ করা হয়। চাওয়া নথির মধ্যে কিছু তথ্য পাওয়া গেছে জানিয়ে দুদক বলছে, সেগুলো যাচাই–বাছাই করে দেখা হচ্ছে। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছিল। এর পর কিছু তথ্য পাওয়া গেছে।
চাহিদা অনুযায়ী সব তথ্য এসেছে কি না, তা যাচাই–বাছাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে যেসব তথ্য পাওয়া যায়নি, সেগুলোর জন্য আবারো তাগিদপত্র দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। খবর বিডিনিউজের।
ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণখেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ দিয়ে গত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার অভিযোগ অনুসন্ধানে এসব তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. মোমিনুল ইসলামকে দলনেতা করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য দুই সদস্য হলেন উপপরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং উপসহকারী পরিচালক মো. ইয়াছিন মোল্লা। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট তথ্যসহ রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে মনে করছে দুদক।











