সাতকানিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত এলাকার যে কোনো স্থানে এ মিছিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে মিছিলের এক মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ওই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। মিছিলের সামনে সামনে এক যুবক মোটরসাইকেল চালাচ্ছিলেন। ১৫ থেকে ২০ জন নেতাকর্মী সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নাম লেখা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটিতে অংশ নেন। এলাকাবাসী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে এসে জড়ো হয়ে মিছিল করে দ্রুত চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার বিষয়টি শুনেছি। মিছিলের ভিডিওটি আমরা যাচাই–বাছাই করে দেখছি। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।












