কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর স্ত্রীকেও আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নুর কামাল নামের ওই আসামিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে বিজিবি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ২০১৯ সালে দায়ের করা একটি মাদক মামলায় আদালত নুর কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বিজিবির দাবি, গ্রেপ্তার অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে নুর কামালের স্ত্রীকেও আটক করা হয়েছে।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।










