সাংবাদিকদের ওপর হুমকি ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, মানবাধিকারবিষয়ক সম্পাদক গাজী নুরুল হক শাহ এবং সহপ্রচার সম্পাদক রাসেল সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত হুমকি, হামলা ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি প্রদর্শনের এমন অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের ওপর হুমকি-হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবাগমনিরাম ওয়ার্ড জামায়াতের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধবান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা