আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে থাকেন এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন–এমন সৎ, যোগ্য ও জনসম্পৃক্ত ব্যক্তিদের মনোনয়ন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম–৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গতকাল শনিবার রাউজান পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে মতবিনিময়কালে নিজের এই অবস্থান তুলে ধরেন তিনি। এমপি বলেন, যারা এলাকার মানুষের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন, যাদের মধ্যে দলীয় শৃঙ্খলাবোধ ও সাংগঠনিক দক্ষতা রয়েছে, শুধু তারাই জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ রয়েছে তারা নির্বাচন করার সুযোগ পাবে না। পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এনাম উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কাজী সরোয়ার খান মনজুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা, সদস্যসচিব ফিরোজ আহমদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দীন ও সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ।











