চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বর্তমান সরকার দেশের সকল ধর্মের নাগরিকদের সমান সুযোগ–সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হিন্দু সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।
গতকাল রোববার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার জলকদর খাল সংলগ্ন পশ্চিম চাম্বল বাংলা বাজার কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বাংলা বাজার সর্বজনীন করুণাময়ী কালী মন্দির পূজামণ্ডপের সভাপতি গুরুধন দাশের হাতে নগদ ২০ হাজার টাকা উপহার হিসেবে তুলে দেন। এ সময় পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, এর আগে সরকারিভাবে বরাদ্দকৃত ৬০০ কেজি চাল বিক্রির বিপরীতে ২০ হাজার টাকা বরাদ্দ পেয়েছিল মণ্ডপটি।
মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময়, বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক, ইব্রাহিম বিন খলিল, রেজাউল হক চৌধুরী, মো. শহীদুল্লাহ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদ নেতা শেখর দত্ত, প্রনব কুমার দাশ, ঝুন্টু কুমার দাশ, সঞ্জয় চক্রবর্তী মানিক প্রমুখ। পরে জেলা প্রশাসক বাঁশখালী পৌরসভার জলদীর ঐতিহ্যবাহী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ, সাধনপুর পল্লী মঙ্গল সমিতি মণ্ডপ এবং বাণীগ্রাম জগন্নাথধাম সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।







