পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
আজ ১৭ জুন (বুধবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, আজ ১৭ জুন বিকাল ৪টায় রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার জাহেদুল ইসলাম আরিফ। দায়িত্ব পালনকালেই মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েল ওই গণমাধ্যমকর্মীর ওপর চড়াও হন এবং পেশীশক্তি প্রদর্শনপূর্বক তাকে শারীরিকভাবে হেনস্থা ও অসদাচরণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীর সাথে পেশীশক্তি প্রদর্শনপূর্বক অসদাচরণ করার সুনির্দিষ্ট অভিযোগে কাজী জুয়েলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের (বহিষ্কৃতদের) সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
হেনস্তার শিকার সাংবাদিক জাহেদুল ইসলাম আরিফ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমি কেন্দ্রীয় যুবদল নেতৃত্বকে বিষয়টি অবহিত করি। অত্যন্ত ইতিবাচক বিষয় হলো, বিষয়টি জানার পর তারা কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশৃঙ্খলাকারী ও গণমাধ্যমকর্মীদের সাথে অপেশাদার আচরণকারীদের বিরুদ্ধে যুবদল যে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি পোষণ করে, এই দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে তারা তারই কঠোর প্রমাণ দিলেন। দ্রুত ও ন্যায্য পদক্ষেপ গ্রহণের জন্য আমি কেন্দ্রীয় যুবদল নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।












