সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজিঙ্কা রাহানে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ সিদ্ধান্ত জানান তিনি। ভারতের হয়ে ৮৫ টেস্ট, ৯০ ওয়ানডে ও ২০টি টি–টুয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেন ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেটা ছিল টেস্ট ম্যাচ। ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত বিস্তৃত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে টেস্টে ৩৮.৪৬ গড়ে ১২টি শতকসহ ৫০৭৭ রান করেছেন। ওয়ানডেতে ৩৫.২৬ গড়ে তিনটি শতকসহ ২,৯৬২ রান এবং টি–টুয়েন্টিতে ১১৩.২৯ স্ট্রাইক রেটে ৩৭৫ রান করেছেন। ভারতের অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে তাঁর জয় ৪টি, ২টি ড্র। আইপিএলে ৬টি দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন রাহানে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে রাহানে বলেন, আমি সব সময়ই আমার ব্যাটিংয়ে টাইমিংয়ের ওপর ভরসা রেখেছি এবং এর গুরুত্বও সব সময় উপলব্ধি করেছি। আজ আমার মনে হচ্ছে, জীবনে সামনে এগিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণার এটাই সঠিক ‘টাইমিং’। রাহানে ছিলেন ভারতের মিডল অর্ডারে অন্যতম ভরসা; বিশেষ করে বিদেশের মাটিতে। দেশের মাঠে ৩২টি টেস্টের তুলনায় বিদেশে খেলেছেন বেশি (৫১টি)। দেশের মাটিতে তাঁর ব্যাটিং গড় ৩৫.৭৩। বিদেশের মাটিতে সেটা ৩৯.৪৩। ১২টি টেস্ট সেঞ্চুরির ৮টিই করেছেন বিদেশের মাটিতে। রাহানে বর্তমানে যুক্তরাজ্যে দ্য হানড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।












