সবার আগে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে

রশিদ আহমেদ চৌধুরী পাঠাগারের অনুষ্ঠানে বক্তব্য

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রশিদ আহমেদ চৌধুরী পাঠাগার। গতকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।

রশিদ আহমেদ চৌধুরী পাঠাগারের সাধারণ সম্পাদক জোনায়েদ রশিদের সঞ্চালনায় ও পাঠাগারের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন, নূর ছফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর, রাউজানের চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রহিম চৌধুরী, রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাই মোহাম্মদ শহীদউল্লাহ চৌধুরী, কন্যা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা রেহনুমা তাসমিয়া নিম্মি, শিক্ষার্থীদের মধ্যে উম্মে ফারুজা ও শামা খানম। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, তোমরা শিক্ষাজীবনের প্রাথমিক ধাপ পেরিয়েছ। সামনে তোমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। তোমরা অনেকে অনেক কিছু হবে। তবে সবার আগে তোমাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। রশিদ আহমেদ চৌধুরীর মতো জ্ঞানী হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। যতক্ষণ ব্যবহার করবে তা যেন ইতিবাচক ও জ্ঞান অর্জনের জন্য হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধv