সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৭ জলদস্যু আটক

উদ্ধার ৪৭ লাখ টাকার ডাকাতির মালামাল

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় গত ৯ জুলাই সংঘটিত একটি ফিশিং বোট ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ জুলাই বিকেল ৩টার দিকে সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়।

এর ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশের যৌথ অভিযানে সন্দ্বীপ থানার চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোটসহ সাত জলদস্যুকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানায় কোস্ট গার্ড।

পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, পাঁচটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জলদস্যুতা দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গত বাঁশখালীতে ‘স্বেচ্ছাসেবী বন্ধু মহল’-এর ত্রাণ ও নগদ অর্থ বিতরণ