সন্দ্বীপের বাউরিয়া উপকূলে ভাঙন, ঝুঁকিতে সাবমেরিন ক্যাবল

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে শুরু হয় দেশের উপকূলীয় অঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দেয়ার কার্যক্রম। ২০১৯ সালে এ ক্যাবলের মাধ্যমে সাগরের তলদেশ দিয়ে সন্দ্বীপ প্রথমবারের মত জাতীয় গ্রিডের বিদ্যুতের সাথে যুক্ত হয়। তবে ৭ বছরের মাথায় নদী ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে এটি।

গত মে মাসে দুইটি সাবমেরিন ক্যাবলের প্রায় ২০ ফুট উন্মুক্ত হওয়ার বিষয়টি নজরে আসে। তখন দৈনিক আজাদীসহ বিভিন্ন মিডিয়ায় এ বিষয়ে সংবাদ প্রচার হলে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ক্যাবল দুটি ঢেকে দেয়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ভাঙনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আবারও ক্যাবল দুইটি উন্মুক্ত হয়ে পড়ে। এবার ক্যাবলের আরও বেশি অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। এমনকি ক্যাবলের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় পতিত হয়। এ নিয়ে সন্দ্বীপবাসী সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে তাদের উদ্বেগের কথা জানায়। কোনো কারণে এ ক্যাবলগুলো ক্ষতিগ্রস্ত হলে সন্দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ার আশংকার কথা জানায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

এদিকে বুধবার সকাল ৮টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশার ব্যক্তিগত সহকারী আবুল কাসেম, সন্দ্বীপ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী, সন্দ্বীপ প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক শরীফ হায়দারসহ একটি প্রতিনিধি দল সাবমেরিন ক্যাবলের উন্মুক্ত হয়ে যাওয়া অংশ পরিদর্শন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন মুঠোফোনে সরাসরি কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী সাইফ আহমেদের সাথে। তিনি এসময় আশ্বস্ত করেন দ্রুত ক্যাবলগুলোকে সুরক্ষিত করার জন্য জিও ব্যাগ দিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু এদের ৭ জনই বাংলাদেশি
পরবর্তী নিবন্ধসংসদীয় সভায় বারবার কাঁদলেন ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রীও