বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর আওতাধীন ৯, ১০, ১১ ও ২৭ নং ওয়ার্ডের রুকন সমাবেশ গতকাল মঙ্গলবার নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সরকার বাকশাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি অধ্যাদেশ জারি করে দেশের সকল বেসরকারি সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় এবং সরকার–নিয়ন্ত্রিত মাত্র চারটি পত্রিকা প্রকাশের অনুমতি দেয়। এটি ছিল দেশের সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক কালো অধ্যায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সকলকে সোচ্চার হতে হবে। তবে স্বাধীনতার নামে কারও চরিত্রহনন, অপপ্রচার ও অপতথ্য প্রচারের সংস্কৃতিও পরিহার করতে হবে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও স্বাধীন গণমাধ্যমই জনমত গঠনে এবং জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি ছিলেন মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য দেন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, আকবর শাহ থানা আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, পাহাড়তলী থানা আমির মুহাম্মদ নুরুল আলম, ডবলমুরিং থানা সেক্রেটারি সালাহ উদ্দীন আহমদ, হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ এবং পাহাড়তলী থানা সেক্রেটারি আহসান উল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











