শ্রীলঙ্কার কাছে টি- টোয়েন্টি সিরিজও খোয়ালো মেয়েরা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পরাস্ত হবার পর এবার টিটোয়েন্টি সিরিজও হেরে বসলো বাংলাদেশের মেয়েরা। আশার আলো জ্বালিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ নারী দল। সিলেটে সিরিজের দ্বিতীয় টিটোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা। টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, আর শুরুটাও ছিল স্বাগতিকদের পক্ষে। দ্রুত উইকেট তুলে নিয়ে শুরুতে চাপে রাখা গেলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের ইনিংস দলকে স্বস্তি দেয়। তাকে যোগ্য সমর্থন দেন ইমেশা দুলানি ২৫ বলে ২৭ রান করে। মাঝের দিকে ইনিংসকে আরও গতিশীল করেন হারশিথা সামারাউইকরামা ও নিলাকশিকা সিলভা। চতুর্থ উইকেটে তাদের ৬১ রানের জুটিই মূলত বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। হারশিথা ২৯ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, সিলভা অপরাজিত থাকেন ২২ রানে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মণি। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পাওয়ারপ্লেতেই আসে ৪৬ রান। তবে সেই ভিত্তির ওপর বড় ইনিংস গড়তে পারেননি ব্যাটাররা। দিলারা আক্তার ২৩ রান করে ফিরলে দায়িত্ব নেন জুয়াইরিয়া ফেরদৌস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৩ বলে ২৯ রান করলেও তার বিদায়ের পর ছন্দ হারায় দল। এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান শারমিন আক্তার। ৪৭ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেললেও প্রয়োজনীয় গতি না থাকায় দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি তিনটি রান আউটও বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানেই থেমে যায় স্বাগতিকরা। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন কাভিশা দিলহারি।

পূর্ববর্তী নিবন্ধদেশের ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা তামিমের
পরবর্তী নিবন্ধফুটবলকে এবার আমার দেবার পালা : মামুনুল