শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই

কর্ণফুলী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে আ ন ম শামসুল ইসলাম

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম বলেছেন, বিশ্বের প্রতিটি বিপ্লবে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শ্রমিক ভাইয়েরা সব সময় অবহেলিত, উপেক্ষিত। শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন, পরিবর্তন কখনো সম্ভব নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে, কাজ করবে। গত ২৯ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনছুরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী। সাধারণ সম্পাদক শরীফ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক মো. ইসহাক, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, কর্ণফুলী উপজেলার প্রধান উপদেষ্টা মুহাম্মদ মনির আবছার চৌধুরী, দক্ষিণ জেলার সহ–সভাপতি মোহাম্মদ রফিক বশরী, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সিকদার, শরফুল আমিন চৌধুরী। সম্মেলনে মুহাম্মদ আবুল মনছুরকে সভাপতি ও মুহাম্মদ মুহাইমিনুল হককে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। নব–নির্বাচিত কমিটির সভাপতি সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় তারুণ্যের উৎসব
পরবর্তী নিবন্ধসিএলএফ-টিসিজেএ চক্ষু চিকিৎসা ক্যাম্প