শেখ রায়হান আনোয়ারের পরিবেশনায় ‘কিংবদন্তিদের গান’

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘কিংবদন্তির গান’ শীর্ষক একক সঙ্গীতানুষ্ঠান। গত ৫ জুন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সঙ্গীতশিল্পী শেখ রায়হান আনোয়ার উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের কালজয়ী গান পরিবেশন করেন। প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমি আয়োজিত অনুষ্ঠানে পরিবেশিত হয় মেহেদী হাসান, ওস্তাদ বড়ে গুলাম আলী খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, মান্না দে, কিশোর কুমার, গোলাম আলী, জগজিৎ সিং, তালাত মাহমুদ, পঙ্কজ উদাস, লালন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান। সঙ্গীত পরিচালনায় ছিলেন তবলা শিল্পী তপন চক্রবর্তী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গুণীজন সম্মাননা প্রদান পর্ব। সংগীতের বিভিন্ন অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় লোকগীতি শিল্পী আব্দুর রহিম, নজরুলসঙ্গীত শিল্পী দীপেন চৌধুরী এবং শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কাজল মজুমদারকে।

এছাড়া সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় আব্দুর রাজ্জাককে। অনুষ্ঠানের দুটি বিশেষ পরিবেশনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী পূর্ণা বড়ুয়া। অতিথিরা বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক পরিমণ্ডলে এ ধরনের মানসম্মত আয়োজন শুধু দর্শকদের নির্মল বিনোদনই দেয় না, বরং নতুন প্রজন্মকে উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের সৃষ্টির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি নির্বাচনের পরদিন এক পরিচালকের পদত্যাগ
পরবর্তী নিবন্ধসৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দিচ্ছে শিল্পকলা একাডেমি