পাহাড় জুড়ে মেঘ আর বৃষ্টি। সমতল ভূমিতে চলছে ধানের চারা রোপণ। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের নিভৃত পল্লী পেরাছড়ায় ফসল বোনার প্রস্তুতি চলছিল। ছোট্ট শিশু ১২ হর্সপাওয়ারের পাওয়ার টিলার চালিয়ে জমিতে চাষ দিচ্ছে। শিশুটির নাম মারুফ মারমা। বয়স সাত বছর। এই বয়সে অন্তত ৪০ শতক আয়তনের জমি চাষ দিচ্ছে সে। স্কুল যাওয়ার বয়স হলেও মারুফের শৈশব কাটছে কৃষি জমিতে। বন্ধুদের সাথে দুরন্ত শৈশব পার করার বদলে অভাবের সংসারে বাবাকে সাহায্য করছে।
শিশুটির সঙ্গে কথা বলতে চাইলে জমি থেকে উঠে আসেন তার বাবা মংরে মারমা। তিনি জানান, নিজের চাষ করার মতো জমি নেই। এক কানি জমি (৪০ শতক) বর্গা নিয়েছি। উৎপাদিত ধানের একটা অংশ জমির মালিককে দিতে হবে। বাকি ধান আমরা পাব। এখন মৌসুমের শেষ পর্যায়। আশেপাশের চাষিরা দৈনিক মজুরির ভিত্তিকে শ্রমিক নিয়েছে। আমার সেই সামর্থ্য নেই। শ্রমিকও নিতে পারিনি। নিজের বউ আর সন্তান নিয়ে কাজ করতে হচ্ছে।













