নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের আয়োজনে ‘নতুন দিনের প্রত্যশায়, নাচবে বিশ্ব ভালবাসায়’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন করা হয়। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলা এবং বান্দরবানজেলার একটি নৃত্যসংগঠনসহ ৩৫টি নৃত্যসংগঠনের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কথামালা পর্বে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। শুভেচ্ছা বক্তব্যে আন্তর্জাতিক নৃত্য দিবসের বিশেষ বাণী পাঠ করেন নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমীন হোসেন। উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রামপ, নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত বেবী, জাসাস দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা কালচারাল অফিসার বলেন, নৃত্য হলো আত্মার সুপ্ত ভাষা। নৃত্য শুধু শব্দহীন অনুভূতিই প্রকাশ করে না বরং মানব শরীরের ছন্দময় অনুভূতির মাধ্যমে শিল্প ও প্রেমের আবেগ প্রকাশের একটি রূপ হলো নৃত্য। এটি বর্ণ, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে সংযুক্ত করে ঐক্য, সৃজনশীলতা ও সামগ্রিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজের প্রতি ইতিবাচক ও শৈল্পিক বার্তা ছড়িয়ে দেয়। দৃঢ় করে সামাজিক বন্ধন। দুঃসময়ে–দুর্দিনে নৃত্য যেমন মানুষের মধ্যে আনন্দ বিতরণ করে, তেমনি নৃত্য অন্যায়–নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদেরও ভাষা যা আমাদের জাতি সত্তার পরিচয় ঘটায়। প্রেস বিজ্ঞপ্তি













