শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি। গত শনিবার হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি রাশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক এম.জি কিবরীয়া, প্রতিষ্ঠান সুপার মো.সোহরাব হোসেন চৌধুরী, গাজী দিলদার, ফিরোজ খান, সিরাজুল ইসলাম নাসিম। প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।









