মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ৩০০ ছাড়ালো। যুদ্ধবিরতি কার্যকরের প্রভাবে বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিকের পথে ফিরলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি।
বিমানবন্দর সূত্র জানায়, গত ১২ ও ১৩ এপ্রিল (রবিবার ও গতকাল সোমবার) দুই দিনে মোট ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস–বাংলা এয়ারলাইনসের ২টি এরাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ রুটে ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটে ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়। অন্যদিকে, একই সময়ে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ৩০টি আন্তর্জাতিক ফ্লাইট (১৫টি এরাইভাল ও ১৫টি ডিপার্চার) চলাচল করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত শনিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস–বাংলা এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও সালাম এয়ারের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচলের স্থবিরতা কিছুটা কাটতে শুরু করেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এরপর যুদ্ধবিরতির পরও গতকাল পর্যন্ত মোট ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।












