বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার উদ্যোগে কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ গত ৫ মে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে জনসাধারণের উপর গভীর রাতে নির্বিচারে গুলি করে শত শত মাদরাসা শিক্ষার্থীসহ অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছিল। এখনো সেই কালো রাতের নৃশংসতার বিচার হয়নি। সেই দিনের বিচার নিশ্চিত করতে হবে। ৫ মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দখলবাজির মতো অপরাধ ক্রমেই বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তিনি এসব অপরাধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
চান্দগাঁও থানা জামায়াতের আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি গাজী মো. ইসমাইল, মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল কাদের পাটোয়ারী প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।














