‘প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য’

আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ডে

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ১০:০৯ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদ্‌যাপন উপলক্ষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল দুপুরে কেন্দ্রের সেমিনার কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম আইইবি’র বিভিন্ন কর্মকাণ্ড, পরিকল্পনা ও প্রকৌশলীদের দাবিসমূহ তুলে ধরেন।

মনজারে খোরশেদ আলম বলেন, বর্তমানে বাংলাদেশে যে সকল বিষয় জনজীবনকে প্রভাবিত করে, তার বেশির ভাগই প্রযুক্তি নির্ভর এবং এ সকল সমস্যা নিরসন প্রকৌশলীদেরকেই করতে হয়। সমস্যাবলী নিরসন ছাড়াও, এ পর্যন্ত দেশের যতটুকু উন্নয়ন এবং সমৃদ্ধি হয়েছে তার সিংহভাগ কৃতিত্বের দাবিদার এই প্রকৌশলীবৃন্দ। দেশের বিভিন্ন খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রকৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে নিরসন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে, আইইবি, চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি।

আইইবির বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, দেশের বেকার তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মোপযোগী করে দেশের বেকার সমস্যা দূরীকরণে আমরা সর্বদা সচেষ্ট। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে সারা বছরব্যাপী বেকার যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ট্রেডকোর্স প্রশিক্ষণ এবং এ জাতীয় গুরুত্বপূর্ণ ও কর্মোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।

কেন্দ্রের চেয়ারম্যান সরকারের কাছে কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছেপ্রকৌশলী সংস্থাসমূহের শীর্ষ পদগুলোতে প্রকৌশলী পদায়ন করতে হবে; প্রকৌশলীদের পদোন্নতি ও পদায়ন নিশ্চিতকরণ; বিভিন্ন প্রকৌশল সংস্থাসমূহকে বিসিএস ক্যাডারভুক্তকরণ; বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকুরী বিধি প্রণয়ন করতে হবে; বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে প্রকৌশলীদের নিয়োগ প্রদান; প্রকৌশলীদের পেশাগত মর্যাদার ক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য ও অসন্তোষ নিরসন করা; বিশেষ সেবা আমদানির নামে বিদেশি কারিগর ও প্রকৌশলীদেরকে বাংলাদেশে নিয়োগ বন্ধ করে দেশীয় মেধাবী প্রকৌশলীদেরকে নিয়োগ দেয়া।

তিনি তিন দিনব্যাপী ইঞ্জিনিয়ার্স ডে কর্মসূচি তুলে ধরেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি; আগামীকাল শুক্রবার বিকালে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, কেন্দ্রের মহিলা ও শিশু বিষয়ক কমিটির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময়, স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন, প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ন অবদান রাখায় প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। অনুষ্ঠানে কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল আলম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে