সাগরিকায় বৈশাখের প্রচণ্ড দাবদাহ মাড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর লড়াকু সেঞ্চুরি আর মোস্তাফিজুর রহমানের ধারালো বোলিংয়ে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। গতকাল বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে কিউইদের ৫৫ রানে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে সর্বশেষ কিউইদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়, যার সবগুলোই এসেছে ঘরের মাটিতে।
গতকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান শূন্য ও তানজিদ হাসান ১ রান করে উইলিয়াম ও’রুর্কের শিকার হন। সৌম্য সরকারও (১৮) থিতু হতে পারেননি। নবম ওভারে টপ অর্ডারকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৭৮ বলে ১৬০ রানের রেকর্ড জুটি, যা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ।
লিটন দাস ৭১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম হাফ–সেঞ্চুরি পূর্ণ করেন। ৩টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে ৭৬ রান করে তিনি বিদায় নেন। অন্যদিকে শান্ত পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। দীর্ঘ ২৫ মাস ও ২০ ইনিংস পর সেঞ্চুরির দেখা পাওয়া এই বাঁ–হাতি ব্যাটার ১১৯ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন। শেষদিকে তাওহিদ হৃদয়ের ৩৩ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ২২ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ও’রুর্ক ৩টি উইকেট নেন।
২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই হেনরি নিকোলসকে (৪) হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন নিক কেলি ও উইল ইয়ং (১৯)। তরুণ পেসার নাহিদ রানা ও অধিনায়ক মিরাজের জোড়া আঘাতে ৬১ রানে ৩ উইকেট হারায় কিউইরা। চতুর্থ উইকেটে নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৪৭ রান যোগ করলেও ব্যক্তিগত ৫৯ রানে কেলিকে ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরান মোস্তাফিজুর রহমান।
এরপর শুরু হয় মোস্তাফিজ–ম্যাজিক। শরিফুল ও রানার তোপে নিউজিল্যান্ড ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকলে লোয়ার অর্ডার দ্রুত গুঁড়িয়ে দেন ফিজ। ন্যাথান স্মিথ, লেনঙ ও ও’রুর্ককে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পূর্ণ করেন তিনি। শেষ উইকেটে ডিন ফঙক্রফট ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমান। ৪৫তম ওভারে ফঙক্রফটকে (৭৫) ফিরিয়ে ২১০ রানে নিউজিল্যান্ডকে অলআউট করেন মিরাজ।
মোস্তাফিজ ৪৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া মিরাজ ও রানা নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতল মিরাজের দল। আগামী ২৭ এপ্রিল থেকে একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।














