চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে প্রথম খাল খনন কার্যক্রম শুরুর মাধ্যমে দেশকে কৃষি ও খাদ্য উৎপাদনে স্বনির্ভর করে ছিলেন। এর ধারাবাহিকতায় তারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারো খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এ কর্মসূচির আওতায় আনোয়ারায় বেশ কয়েকটি ভরাট খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। খনন কাজ শেষ হলে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে কৃষিতে ব্যাপক উন্নয়ন হবে। স্থানীয় গরীব ও কর্মজীবী মানুষ আর্থিকভাবে সচ্ছল হবে।
গতকাল শনিবার দুপুরে পরৈকোড়া ইউনিয়নের মাহাতায় খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি মেশিনের পাশাপাশি খাল খনন কার্যক্রমে শ্রমিক নিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, বিএডিসির চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাকারিয়া চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক প্রমখ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।














