জাতীয় শিশু–কিশোর সংগঠন ‘ফুটন্ত ফুল’র উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিশু–কিশোর সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়িদ আবদুল্লাহ আল মারুফ বলেছেন, সংস্কৃতির সাথে জাতিসত্তা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সুতরাং সংস্কৃতির নামে নারী–পুরুষের আপত্তিকর সহাবস্থান, ইত্যাকার বিষয়াদি কোনো বিচারেই কোন ধর্মের সংস্কৃতি হতে পারে না। সত্যিকার অর্থে এসব মূল্যবোধ ও চরিত্র বিধ্বংসী বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। এসবের চর্চায় সামাজিক সুস্থতা বিনষ্ট হয় অনিবার্যভাবে। এসবের অনুসরণ কেবলই সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধ্বংস করে তা নয়, বরং স্বতন্ত্র জাতিসত্তা ও আত্মপ্রত্যয়ের মূলেও আঘাত হানে। তাই বিজাতীয় সংস্কৃতির চর্চা ও অনুপ্রবেশ রোধে সকলকে সচেতনতার পরিচয় দিতে হবে। সমাবেশের উদ্বোধক ফুটন্ত ফুল উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেছেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। শেখার ও জানার আগ্রহ বৃদ্ধি হয়। তাই শিশু–কিশোরদের ইসলামী সংস্কৃতির চর্চা ও অনুশীলনে অনুপ্রাণিত করতে অভিভাকদের দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। ফুটন্ত ফুলের কেন্দ্রীয় মহাপরিচালক আল্লামা হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় পরিচালক মওলানা তাওহিদুল আলম রিয়াদ এবং আল আমিন আবেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন রানা, আহমদ রেজা, ফুটন্ত ফুল কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সচিব মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী ও পরিচালক মওলানা জাহিদ কাদেরী, এনামুল হক, মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














