মহানবী (সা.) এর অনুপম আদর্শ ইহকালে ও পরকালে মুক্তির দিশারি

চুনতি মাদ্রাসার বার্ষিক সভায় রাহবারে বায়তুশ শরফ

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষা নিকেতন চুনতি হাকিমিয়া কামিল (অনার্স–মাস্টার্স) মাদরাসার ২১৬তম বার্ষিক সভার প্রধান অধিবেশন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব রওনকে মাহফিলে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, জীবনে প্রতিটি ক্ষেত্রে নবীজি (সা.) এর সুন্নাত আদর্শ অনুকরণ ও অনুসরণ করা হলো ইসলাম। মহানবী (সা.) এর অনুপম আদর্শ এবং তাঁর জীবনের ব্যবহারিক ও প্রায়োগিক দিকগুলো সমাজ ও সভ্যতার জন্য পরম উপকারী এবং মানুষের ইহকালে ও পরকালে মুক্তির দিশারি।

রাহবারে বায়তুশ শরফ বলেন, বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা নিকেতন ‘উম্মুল মাদারেস’ খ্যাত চুনতি হাকিমিয়া কামিল মাদ্‌রাসা ইসলামের সুমহান ঐতিহ্যের প্রতীক রূপে চির ভাস্বর হয়ে রয়েছে দুই শতাব্দীর বেশিকাল ধরে। কুরআন হাদীসের জ্ঞানচর্চা, ছাত্রদের আলেমসুলভ পোশাক ও চরিত্র এবং জনগণের আস্থা অর্জনের সব সূচকেই চুনতি হাকিমিয়া বাগানের সাফল্য অন্যদের জন্য অনুকরণীয়। শিক্ষকদের আন্তরিকতা, সঠিক দিক–নির্দেশনা, এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতায় এবং ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি পূর্বের গৌরব অক্ষুণ্ন রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইনের সঞ্চালনায় বাদ মাগরিব প্রধান অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম–১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, তোলবায়ে সাবেকীনের সভাপতি মওলানা মমতাজুর রহমান, মুহাম্মদ এনামুল হক, ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটন্ত ফুলের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিশু-কিশোর সমাবেশ
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১১০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার