শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতাময় ফুটবল খেললেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। তবে রেলওয়ে স্টেশন কলোনী স্কুলই বেশির ভাগ সময় আক্রমণে ছিল। কিন্তু ওদিকে বেপজা পাবলিকের গোলকিপারের দৃঢ়তায় গোলের দেখা পেতে ব্যর্থ হয় তারা। তবে টাইব্রেকারে বাজি মাত করে রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়। তারা ৩–১ গোলে পরাস্ত করে বেপজা পাবলিককে। ম্যাচ সেরা হন বিজয়ী দলের মোহাম্মদ ইয়াছিন। তাকে পুরস্কৃত করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। দ্বিতীয় সেমিফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ২–০ গোলে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে হারায়। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন ইয়াছিন ইসলাম রিফাত ও মো. সাকিব। ম্যাচ সেরা ইয়াছিন ইসলাম রিফাতকে পুরস্কৃত করেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এদিকে ১৯ সেপ্টেম্বর শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। ফাইনাল ম্যাচ শুরুর আগে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য মাসব্যাপী এ টুর্নামেন্ট গত ১৪ আগষ্ট শুরু হয়েছিল।











