শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের সাথে টুর্নামেন্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে সিজেকেএস কনফারেন্স রুমে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, মন্জুরুল আলম মন্জু, ইসমাইল বালি, জাহেদুল হাসান, মোহাম্মদ শাহেদ, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন মাসুদ, আবদুল হালিম স্বপন, এস এম আবু ছালে, টুর্নামেন্টের সমন্বয়কারী মো. মামুন উদ্দিন, কাজী মিজান, একরাম আবছার, মো. ইকবাকসহ অংশগ্রহনকারী স্কুল দলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা। সভায় জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সকল খেলোয়াড়দের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জার্সি ও বুট প্রদান করা হবে। আগামী ২৫ জুনের মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে নিজ নিজ খেলোয়াড় তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে। ৪০টি স্কুল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।












