শতভাগ মানুষই নিজের সুবিধার জন্য আইন ভেঙে সড়কে চলাচল করছে

সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের সভায় কুমিল্লার পুলিশ সুপার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খাঁন বলেছেন, মানুষের মধ্যে আইন মেনে চলার কোনো সচেতনতা নেই। তাই মহাসড়কে নানান বিশৃঙ্খলা, দুর্ঘটনা ইত্যাদি ঘটে চলেছে। দেশের মানুষ আইন মানেন না। বলা চলেশতভাগ মানুষই নিজের সুবিধার জন্য আইন ভেঙে সড়কে চলাচল করছে। গতকাল সোমবার দুপুরে সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকাবাসীর সহযোগিতা না থাকলে মহাসড়ক নিরাপদ করা যাবে না। তাই মহাসড়কে ডাকাতি, দুর্ঘটনা, বিশৃঙ্খলা ঠেকাতে হলে এলাকা থেকে স্বেচ্চাসেবী দরকার। পুলিশের পাশাপাশি স্বেচ্চায় এলাকাবাসী দায়িত্ব পালন করলে তবেই সড়ক নিরাপদ হবে। তিনি মহাসড়কে ডাকাতির প্রসঙ্গ টেনে বলেন, রাতের আঁধারে মহাসড়কে মহামূল্যবান কিছু পড়ে থাকলেও গাড়ি থামানো যাবে না। এটি ডাকাতদের ফাঁদ। গাড়ি থামালেই ডাকাতির শিকার হবে। তাই সতর্ক থাকতে হবে। মহাসড়কে দুর্ঘটনার জন্য চালকদের বিরামহীন গাড়ি চালানোর চাপ, ফিটনেসবিহীন গাড়ি, নিষিদ্ধ যানবাহন চলাচলসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করে তিনি বলেন, এসবের বিরুদ্ধে নিয়মিত মামলা হলেও আমরাও মানুষ, সমাজেরই একজন। সীমিত সংখ্যক জনবল, সীমিত যানবাহন নিয়ে হাইওয়ে পুলিশকে বিশাল এলাকায় দায়িত্ব পালন করতে হয়। কমিউনিটি পুলিশিং কুমিরার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে প্রধান সমন্বয়ক কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম, মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক, কমিউনিটি পুলিশিংয়ের সহসভাপতি রফিকুজ্জামান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার
পরবর্তী নিবন্ধতাওহিদুল উম্মাহ মাদরাসায় হিফয শিক্ষার্থীদের সবক প্রদান