রুমায় পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেনমো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০)। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহত জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। অপরদিকে রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানাধীন পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

সংশ্লিষ্টরা জানায়, গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা১১৩২২১ নম্বরের একটি সাদাকালো রঙের এপাচি ৪ভি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান। সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া তল্লাশি অভিযানে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলাখো মানুষের সীমাহীন দুর্ভোগ, চাপ অর্থনীতিতে
পরবর্তী নিবন্ধটেকনাফে ট্রলারডুবিতে ১৮ রোহিঙ্গা উদ্ধার, নিখোঁজ ১৩