রিশাদের লেগ স্পিনে মুগ্ধ ইশ সোধি

| রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৮:২২ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে টিটোয়েন্টি খেলতে এসেছেন লেগ স্পিনার ইশ সোধি। সেই স্পিনার আবার বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেনের গুণমুগ্ধ। রিশাদের উন্নতি নিয়ে প্রশ্ন করা হলে শনিবার তাকে প্রশংসায় ভাসিয়েছেন কিউই স্পিনার। জানিয়েছেন, রিশাদের সঙ্গে সামাজিক মাধ্যমেও যোগাযোগ রাখছেন তিনি। চট্টগ্রামে সোমবার শুরু হবে টিটোয়েন্টি সিরিজ। তার আগে রিশাদকে নিয়ে সংবাদ মাধ্যমকে সোদি বলেছেন, ‘সে দারুণ খেলছে। অস্ট্রেলিয়ায় গিয়ে যেভাবে বোলিং করেছে, তাতে বোঝা যায় সে কতটা বহুমুখী স্পিনার।’ রিশাদের বোলিং স্টাইল নিয়েও আলাদা করে কথা বলেন সোধি। তার মতে, উপমহাদেশের অনেক লেগস্পিনারের তুলনায় রিশাদের ধরন বেশ ভিন্ন, ‘অনেক সময় এশিয়ার লেগস্পিনারদের বল নিচু ও দ্রুতগতির হয়। কিন্তু রিশাদ বেশ ক্ল্যাসিক ধরনের, সে বলের ওপর দিয়ে কাজ করে, ভালো বাউন্স আদায় করতে পারে। এমন বোলার এই অঞ্চলে অনেক দিন দেখা যায়নি। সে সত্যিই দারুণ সম্ভাবনাময়।’ ৩৩ বছর বয়সী এই স্পিনার জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে মাঝে মধ্যেই রিশাদের সঙ্গে তার কথা হয়, ‘ইনস্টাগ্রামে মাঝে মধ্যে ওকে মেসেজ দিই। এখানে এমন একটি সংযোগ থাকা ভালো লাগছে।’ রিশাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সোদি। তার বিশ্বাস, আধুনিক টিটোয়েন্টি ক্রিকেটের ভিড়েও ঐতিহ্যবাহী লেগস্পিন দিয়ে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারেন এই তরুণ, ‘তার সামনে দারুণ ভবিষ্যৎ আছে। আশা করি, সে টেস্ট ক্রিকেটেও সুযোগ পাবে। এখনকার দিনে টেস্টে লেগস্পিনার দেখা খুবই বিরল, তাই আবার এমন কাউকে দেখতে পারাটা দারুণ হবে।’

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকার বিপক্ষে নারী টি-টোয়েন্টি দল ঘোষণা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন