রামগড়ে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) বাস্কেটবল গ্রাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য বুধবার ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এ সময় তিনি বলেন, মাদক শব্দটি ছোট হলেও অত্যন্ত ভয়ংকর। আমরা যেমন বহিঃশত্রু মোকাবিলা করি, তেমনি আমরা অনেক সময় অভ্যন্তরীণ শত্রু মোকাবিলা করি। এই মাদকটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শত্রু। মাদক যেমন একটি ব্যক্তিকে ধ্বংস করে, সেই সাথে সাথে একটি পরিবার, একটি সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রকে ধ্বংস করে।

অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান আসামি হৃদয় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅচেনা গাজা, বিলীন বসতি