রাবিপ্রবি ভিসিকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কার্যালয়ে ছাত্রদলের তালা আর্থিক অনিয়ম ও জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ৯:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে শিক্ষক নিয়োগে জালিয়াতি, আর্থিক অনিয়ম ও জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ভিসি কার্যালয়ে তালা ও পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ভিসির বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরে। পরে সংবাদ সম্মেলনে শেষে ভিসি কার্যালয়ে অবস্থানরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ৫ মিনিটের মধ্যে অফিস ত্যাগে বাধ্য করে কার্যালয়টি মূল গেইটি তালাবদ্ধ করে দেয়া হয়। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়কে জামায়াতিকরণের পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন করছে। ভিসি বিভিন্ন সময় জামায়াত ও শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের বাদ দিয়ে শিবিরের নেতাকর্মীদের নিয়োগ দিচ্ছেন। শিক্ষক নিয়োগ ও প্রদায়নে জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দিচ্ছেন। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগসহ আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভিসিকে পদত্যাগ করার দাবি জানানো হয় অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব জিশান আহম্মেদ প্রমুখ।

তবে এ বিষয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আতিয়ার রহমান বলেন, আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি। তারা কী কারণে পদত্যাগের দাবি করেছে এখনো পর্যন্ত আমি জানি না। আমি এখন ঢাকায় আছি। তবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবিগুলো পেশ করা উচিত। সেই পুরাতন পদ্ধতিতে ফিরে যাওয়া আমাদের উচিত নয়। আমি ঢাকা থেকে ফিরে তাদের সঙ্গে কথা বলে জেনে নেব তারা কী দাবি বা কী অভিযোগ করেছে।

পূর্ববর্তী নিবন্ধজাবেদ ও স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরো ৭ জনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের