রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের হাজারীহাট বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মো. কোরাসিনের ৪টি সেমিপাকা ফার্নিচারের দোকান, মো. আসাদের মোবাইল টেলিকমের দোকান, মো. মাহমুদের ডেকোরেটরের দোকান, মো. হাবিবুর রহমানের অটোরিকশা ও মাইক সার্ভিসসহ মেকানিকের দোকান, মো. আজাদের হলুদ–মসলার গুদাম এবং মো. শামসুর ২টি সেমিপাকা ফার্নিচারের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টা ৩৬ মিনিটে হাজারীহাট বাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটে।
শুক্রবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ব্যবসায়ীদের সব মালামাল পুড়ে গেছে। কেউ কেউ আগুনে ক্ষতিগ্রস্ত মালামাল পরিষ্কার করছেন। তাদের সবার চোখে–মুখে হতাশা। ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা তাদের পুড়ে যাওয়া মালামাল দেখিয়ে জানান, সব মিলিয়ে তাদের ৫০ লাখ টাকার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এনজিও ও ব্যাংক ঋণ রয়েছে উল্লেখ করে সরকারি সহায়তার দাবি জানান।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের সাব–অফিসার মনি ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।










