আনোয়ারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে অরাজকতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এজাহারনামীয় ৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান (৫১) নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিম ও সাইমন নামের দুইজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ২৭ আগস্ট ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় (পিএবি) পটিযা–আনোয়ারা–বাঁশখালী সড়কের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেন।
ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি মো. মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বৃহস্পতিবার মিছিলের ঘটনায় মামলা হয়েছে, এ মামলায় আব্দুর রহিম ও সাইমন নামের দু‘জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলমান রয়েছে।









