সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ইউনিয়নের ফেরিঘাটের দক্ষিণ পার্শ্বের সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, সাগর উপকূলে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী নৌ পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহের পরনে নীল রঙের হাফপ্যান্ট, গায়ে লাল রঙের গেঞ্জি ছিল। উপস্থিত লোকজনের মধ্যে মরদেহটি কেউ শনাক্ত করতে পারেনি। মরদেহটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সমিউদ্দিন। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।










