রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়া থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুলকে (২৭) নগরীর বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার মো. ছাবেরের ছেলে।

র‌্যাব৭ জানিয়েছে, ভুক্তভোগী তরুণীর পরিবার ছাগল পালন করে। গত ২৪ মে বিকেলে প্রতিদিনের মতো ছাগল আনতে বাড়ির কাছের একটি এলাকায় গেলে অভিযুক্ত বাদশা মিয়া তাকে জোরপূর্বক নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অন্য সহযোগীদের ডেকে এনে তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া তরুণী পাঁচদিন পর তার মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাইফুল নগরীর বাকলিয়া এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার বাজেট