আগামী ১৮ জুন রাঙামাটিতে ৮১ হাজার ৬৭৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুর লক্ষ্যমাত্রা ৯ হাজার ৩শত ৫৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭১ হাজার ৮শত ৩৯ জন। গতকাল সোমবার সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। ওরিয়েন্টেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন ডা. মো. আবু আরিফ ফয়সাল। সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে শিশুরা রোগে আক্রান্ত হয় না।











