রাঙামাটিতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মো. নূর কবির (৩২) নামে এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে বিজিবি তাকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তার মো. নূর কবির বাঘাইছড়ির পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। তিনি বাঘাইছড়ি পৌর শাখা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য।

গতকাল শনিবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার রাতে মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল উল্লিখিত মুসলিম ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মো. নূর কবির বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা, ১টি এ্যানড্রয়েট ও ১টি বাটন মোবাইল, ১টি চার্জার এবং ১টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। আটক মো. নূর কবিরকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার নূর কবিরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঘাইছড়ি পৌর শাখা আহ্বায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাঘাইছড়ি থানার ওসি নাসির উদ্দীন মজুমদার বলেন, আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসি কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসাধারণ রোগীদের ভরসার স্থল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল