রাউজানে সাতজন আটক, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু ও মাটি কাটা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৪:৪৩ পূর্বাহ্ণ

রাউজানের কর্ণফুলী বালুমহালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭ জনকে আটক করে তাদের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাহতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।

জানা যায়, রাউজান উপজেলাধীন কর্ণফুলীর পাড় লাম্বুরহাট স্লুইচ গেইট, খেলারঘাট, পাঁচখাইন স্লুইচ এলাকাসহ বাগোয়ান ও পাহাড়তলী ইউনিয়নের কয়েকটি স্পটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা চালিয়ে আসছিল প্রভাবশালীরা। প্রশাসন ইতোপূর্বে বালু ও মাটি কাটার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে অভিযান চালালেও কর্ণফুলীর বালুমহালের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি। গতকাল অভিযান চালিয়ে ৭ জন আটক করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রাহতুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ ছাড় পাবে না।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক প্রাথমিক কাজ শুরু করেছে ইসি