রাউজানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ প্রকাশ রইশ্যা ডাকাতকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব–৭। গ্রেপ্তার রইশ্যা ডাকাত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পালোয়ান পাড়ার মৃত বদরুজ মেহেরের ছেলে।
র্যাব–৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পালোয়ানপাড়া গ্রামের একটি ধানক্ষেতে স্থানীয়রা রইশ্যা ডাকাতকে অস্ত্রসহ আটক করে রাখে। খবর পেয়ে শুক্রবার সকাল দশটার দিকে র্যাব–৭ এর আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাউজান ও সাতকানিয়া থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পরে তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।














