নগরীর আসকারদিঘী এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে নাজিম উদ্দিন নামের পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) ১ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মোস্তাক আহমদ এ রায় ঘোষণা করেন। এসময় নাজিম উদ্দিন কাঠগড়ায় হাজির ছিলেন। তবে আপিলের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পিপি আলমগীর মোহাম্মদ ইউনুছ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনাল সূত্র জানায়, পটিয়ার তেকাটা এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রী আশরেফা জাহানের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। অপারগতা প্রকাশ করলে নানা সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। সর্বশেষ ২০২০ সালের ১৪ জুন আশরেফাকে মারধর করে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় একই বছরের ১৭ আগস্ট নাজিম উদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় চার্জশিট দাখিল হলে পরের বছর তথা ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর চার্জগঠন করে তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।













