কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম অভিযান ও জাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার জুলধা ডাঙ্গারচর এলাকার ‘স্টার সিমেন্ট’ নামের একটি পরিত্যক্ত সিমেন্ট কারখানায় কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তর এই যৌথ অভিযান পরিচালনা করে।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে কারখানাটি থেকে মোট ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ ট্রলিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা এসব জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম বলেন, সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধযৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশের সার্জেন্টকে কারাদণ্ড
পরবর্তী নিবন্ধনির্মাণ সামগ্রী আসছে, অর্থছাড় না হওয়ায় খালাসে বিলম্বের শঙ্কা